চাঁদপুরে ট্রাফিক পুলিশের তিন সদস্য পেলেন মাসসেরার পুরস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ রাত
চাঁদপুরে ট্রাফিক পুলিশের তিন সদস্য পেলেন মাসসেরার পুরস্কার

সড়কে শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় অক্টোবর মাসের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন চাঁদপুর ট্রাফিক পুলিশের তিন সদস্য।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, এটিএসআই মোজাম্মেল হোসেন ও সার্জেন্ট ইমরানুল কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রবীর কুমার দাস ও মোজাম্মেল হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায়ে বিশেষ অবদান রাখায় পুরস্কার পেয়েছেন সার্জেন্ট ইমরানুল কবির।

চাঁদপুর শহরের যানজট নিরসন, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নিয়মিত দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পাশাপাশি নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চালক ও পথচারীদের সচেতন করতেও কাজ করছেন তাঁরা।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় টিআই (এডমিন) প্রবীর কুমার দাস বলেন, এই স্বীকৃতি তাঁর একার নয়; বরং চাঁদপুর ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, চালক, পথচারী ও সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। সবাই ট্রাফিক আইন মেনে চললে সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন শ্রমিক, চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপাররা, চাঁদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, ডিআইও-১, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Feb2
Feb2