১৭ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে ‘হেল্প লাইন’
হাটহাজারী উপজেলাধীন ড.শহীদুল্লাহ একাডেমীর দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থী আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু মুছা তালুকদার এবং আমেরিকা প্রবাসী মোজাফফর আহমদ ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠনট ‘হেল্প লাইন’।
শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে অবদান রাখছে “হেল্প লাইন”।
২০১৬ সাল থেকে বিভিন্ন স্কুল ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় এবছর হাটহাজারী ও রাউজান উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শত শিক্ষার্থীদের ৫লক্ষ ৩৫হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি, গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাদার্শা আইডিয়েল হাই স্কুল, গড়দুয়ারা মাদ্রাসা নূরাণী একাডেমি, গড়দুয়ারা আল-আরবিয়া ছালেহ শামস্ তা’লীমুল কোরআন মাদ্রাসা, গড়দুয়ারা ফয়জিয়া নূরাণী একাডেমি, মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়, ছিপাতলী ঈদগাহ হাই স্কুল এন্ড কলেজ, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়, মাদার্শা আকবরিয়া স্কুল এন্ড কলেজ, কোতয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়, কোতয়ালি ঘোনা তা’লীমুল ইসলাম নূরাণী একাডেমি, ফয়জিয়া আজিজিয়া তা’লীমুল নূরাণী মাদ্রাসা, মেখল ফয়জিয়া আহমদিয়া ইসলামিক একাডেমি, ইকরা ইসলামিক একাডেমি, রাউজানের ইউনুচ সুফিয়া চৌধুরী পাবলিক হাই স্কুল, নূরানী তালিমুল ইসলামিক একাডেমি, গড়দুয়ারা ইউনুচ ইসলামিক একাডেমি ও উম্মে খাতুন মোমেনীন গার্ল মাদ্রাসা।

এ বিষয়ে জানতে চাইলে উদ্যোক্তা আবু মুছা তালুকদার ও মোজাফফর আহমদ জানান, অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা অর্থাভাবে লেখাপড়া চালিয়ে যেতে হিমশিম খেতে হয়। আলোকিত ও শিক্ষিত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। কোন গরীব শিক্ষার্থী যেন অর্থাভাবে লেখাপড়া ছেড়ে না দেয় সে বিষয়টি আমরা সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছি।আমাদের এ কাজে এ বছর পৃথিবীর ৭টি দেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। অদূর ভবিষ্যতে আমাদের কার্যক্রমকে আমরা প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। সমাজে ধনাঢ্য ব্যক্তিরা একইভাবে এলাকা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।
হেল্প লাইন ফাউন্ডেশের সদস্য সমাজসেবক তারিকুল কালাম তুহিন বলেন, এ উদ্যোগ অত্যন্ত ভাল এবং মহতী উদ্যোগ। আগামী বছর আরো বড় পরিসরে সহোযোগীতা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, অদ্যাবধি সংগঠনটি হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৮৯২ শিক্ষার্থীকে ১৭লক্ষ ১৮হাজার ৬৬০টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে।


আপনার মতামত লিখুন