খুঁজুন
শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশবিরোধী চুক্তি’ আড়াল করতেই সম্রাট নাটক : রিজভী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯, ৫:৩১ অপরাহ্ণ
‘দেশবিরোধী চুক্তি’ আড়াল করতেই সম্রাট নাটক : রিজভী

.jpg

‘জনগণের স্বার্থ জলাঞ্জলী দিয়ে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দেশবিরোধী একতরফা চুক্তি করেছেন’ এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি ও সমঝোতা স্মারকে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, একতরফাভাবে সবকিছু দিয়ে এসেছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি করেন।

তিনি বলেন, চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেফতার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে। সমুদ্র বন্দর, ফেনী নদীর পানি এবং জালানী সংকটময় দেশের গ্যাস ভারতের হাতে তুলে দেয়ার যে চুক্তি করা হলো, তা সুস্পষ্ট সংবিধান পরিপন্থী। চুক্তির ব্যাপারে সংসদসহ কোনো পর্যায়েই আলোচনা করেনি সরকার। তিস্তাসহ কোনো সমস্যার সমাধান করতে না পারলেও ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে সরকার।

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত সফরের তৃতীয় দিনে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর খবর জেনে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে। মনে হয়েছে এগুলো চুক্তি নয় যেন শেখ হাসিনা আরেকটি দাসখত দিলেন।’

‘এর মাধ্যমে মুলত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমুদ্র বন্দর, ফেনী নদীর পানি এবং জ্বালানী সঙ্কটময় বাংলাদেশের গ্যাস ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়াও নিজেদের নিরাপত্তার কথা না ভেবে উপকূলীয় নজরদারির জন্য বাংলাদেশে রাডার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তার বদলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ক্ষমতার মসনদে থাকার গ্যারান্টি আর ঠাকুর শান্তি পুরস্কার। তবে বাংলাদেশের জনগণের বদনসিব, বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি’ বলে উল্লেখ করেন রিজভী।

রিজভী বলেন, ‘‘এই ফেনী নদীর পানির দামে কী ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকাটা পাকাপোক্ত হলো? গত ১২ বছরে যা যা দিলেন তারপর আর বাংলাদেশের সার্বভৌমত্বের কিছু অবশিষ্ট থাকল? আসলে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণ ও দেশের স্বার্থের কথা চিন্তা করতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাতো রাতের অন্ধকারে বিনা ভোটে ক্ষমতা দখল করেছেন। তাই জনগণের প্রয়োজন নেই। দেশ বিক্রি করে হলেও ক্ষমতা তার প্রয়োজন। তাই সব দেশের প্রধানমন্ত্রীই বিদেশ সফরে কিছু না কিছু আনতে যায়। আর আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যান সবকিছু উজাড় করে দিয়ে আসতে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশাল লটবহর -লোক লস্কর নিয়ে ভারতে গিয়ে সবকিছু দিয়ে আসার প্রেক্ষিতে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের একটি কবিতার চরন যেন মিলে যাচ্ছে ‘যত চাও তত লও তরণী-পরে। আর আছে? আর নাই, দিয়েছি ভরে॥ এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহো করুণা করে।’’

এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী আরও বলেন, নির্বাচনের নামে রংপুর-৩ আসনে প্রহসন হয়েছে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন প্রমুখ।

Feb2

শান্তর রেকর্ড সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
শান্তর রেকর্ড সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপ

মিরপুরে দিনের শুরুতে পাকিস্তানি বোলারদের দাপটে চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু চাপের মুখে দলের কাণ্ডারি হয়ে ওঠেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বোলারদের শাসন করে তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখেছে মিরপুর। মুমিনুল হকের মৌন হাহাকারে ছেয়ে গেছে ভক্তদের মন। ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।

শান্তর রেকর্ডের উল্লাস, মুমিনুলের নার্ভাস নাইনটিজের আক্ষেপ এবং মুশফিকুর রহিমের ক্যামিও ইনিংসের ওপর ভর করে মিরপুর টেস্টের প্রথম দিনটা নিজেদের নামে লিখেছে টাইগাররা। দিনশেষে ৪ উইকেটে ৩০১ রান তুলেছে বাংলাদেশ দল।

শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ইনিংসের শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১৯ বলে মাত্র ৮ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তাকে আউট করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন শাহ আফ্রিদি।

কিছুক্ষণ পরে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর করা বলে সালমান আলী আঘার হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ১৩ রান।

মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপেই পড়ে বাংলাদেশ। এমতাবস্থায় সামনে থেকে লিড দিতে থাকেন দলনেতা নাজমুল হাসান শান্ত। আর তার সঙ্গে আপনতালে খেলতে থাকেন মুমিনুল হকও। পাকিস্তানি বোলারদের শাসন করে যাওয়া এই দুই ব্যাটার মিলে গড়েন ১৭০ রানের জুটি।

মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন শান্ত। সর্বশেষ ৮ ইনিংসে তার শতকের সংখ্যা ৪, অর্থাৎ সর্বশেষ পাঁচ টেস্টের চারটিতেই তিনি ছুঁয়েছেন ম্যাজিক ফিগার। আবার অধিনায়ক হিসেবেও এটি ছিল শান্তর পঞ্চম সেঞ্চুরি। তাতেই লেখেন ইতিহাস। বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মাত্র ১৭ ম্যাচ খেলে সবচেয়ে বেশি শতকের মালিক এখন শান্ত। ৩৪ ম্যাচে চার সেঞ্চুরিতে পেছনে পড়ে যান মুশফিক।

অবশ্য সেঞ্চুরি পূরণের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি শান্ত। আউট হওয়ার আগে করেন ১০১ রান। ১৩০ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও দুটি ছয়ে সাজানো।

এদিকে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন মুমিনুল হক। ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু নার্ভাস নাইনটিজে থামেন মুমিনুল। নোমান আলী করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে ৯১ রানে থামে তার ইনিংস। অবশ্য রিভিউ নিয়েছিলেন তিনি। তাতে কোনো লাভ হয়নি। ২০০ বলে খেলা মুমিনুলের এই ইনিংসটি ১০টি চারে সাজানো।

এরপর লিটন কুমার দাসকে নিয়ে দিনের শেষ পর্যন্ত খেলে যান মুশফিকুর রহিম। ১০৪ বলে ছয়টি চারে ৪৮ রান করে অপরাজিত আছেন তিনি। আর ৩৫ বল খেলে ৮ রান করে প্রথম দিন শেষ করেছেন লিটন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শনিবার (৯ মে) তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে আজ শুক্রবার কলকাতায় বিজেপির নেতৃত্বাধীন সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন বিজেপির সাবেক রাজ্য প্রধান দিলীপ ঘোষ। এ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তাকে বৈঠকের প্রধান পর্যবেক্ষক হিসেবে রাখা হয়। আর উপ-পর্যবেক্ষক হিসেবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চড়ন মাঝি।

শুভেন্দুকে সংসদীয় দলের মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটগ্রহণ হয়। এরপর ৪ মে ভোটগণনা হয়। এতে সেখানকার ২৯৪টি আসনের মধ্যে একক দল হিসেবে ২০৭টি আসনে জয় পায় বিজেপি।

শুভেন্দু অধিকারী নিজে এক সময় মমতার তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতেন এবং ওই দলের মন্ত্রীও ছিলেন। এছাড়া মমতার সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু ২০২০ সালে তিনি তৃণমূল ছেড়ে হিন্দুত্ববাদী বিজেপিতে যোগ দেন।

তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে নন্দিগ্রাম আসন থেকে হারান। আর এবার হারিয়েছেন ভবানিপুর থেকে। সেখানে মমতার চেয়ে ১৫ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি। এই ভবানিপুর মমতার দুর্গ হিসেবে পরিচিত ছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপি পশ্চিমবঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীও নিয়োগ দেবে। গত দুই দশকে সেখানে কাউকে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।

সংকট কাটিয়ে চালু হলো ইস্টার্ন রিফাইনারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সংকট কাটিয়ে চালু হলো ইস্টার্ন রিফাইনারি

দীর্ঘদিনের ক্রুড অয়েল সংকট কাটিয়ে আবারও চালু হয়েছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

আজ (শুক্রবার) সকাল ৮টার পর সাময়িকভাবে বন্ধ থাকা রিফাইনারিটির কার্যক্রম শুরু হয়।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত বলেন, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছানো শুরু হয়েছে। এর পরপরই চালু করা হয় শোধনাগারটি।

ইআরএল সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১৮ ফেব্রুয়ারির পর নতুন কোনো ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছায়নি। ফলে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এর মধ্যে বুধবার দুপুরে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি বাংলাদেশে আসে। ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে পতেঙ্গার ইআরএলে নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়াকে লাইটারিং বলা হয়।

এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের বাকি জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর। বর্তমানে দেশে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলেরও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।