জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিবেন মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মর্তুজা।
আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিসিবি সভাপতি জানান, মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকছেন। এবং দলের অধিনায়কত্বও করবেন তিনি। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।
বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।
তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর স্বেচ্ছায় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা মাশরাফি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১, ৩ ও ৬ মার্চ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।



আপনার মতামত লিখুন