মহসিন কলেজে হামলার অভিযোগ ঘিরে ছাত্রশক্তির বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০৫ রাত
মহসিন কলেজে হামলার অভিযোগ ঘিরে ছাত্রশক্তির বিক্ষোভ

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে জাতীয় ছাত্রশক্তি। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির বলছে, তাদের সঙ্গে নয়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশক্তির বিরোধ হয়েছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় ছাত্রশক্তি। সমাবেশে সংগঠনটির নেতা-কর্মীরা ‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ স্লোগান দেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী অভিযোগ করেন, কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন এবং প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। এ সময় ছাত্রশিবিরের পরিচিত নেতা-কর্মীরা সাংগঠনিক পরিচয় গোপন করে অতর্কিত হামলা চালান। এতে কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈমের অভিযোগ, প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় তাঁদের পেছন থেকে বাধা দেওয়া হয়। পরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে থাকা ছাত্রশিবিরের লোকজন তাঁদের ওপর হামলা করেন। এতে জুলাই যোদ্ধা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নয়নও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার গণতান্ত্রিক অধিকার। গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভাজন সৃষ্টিকারীরা নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত, বাংলাদেশের স্বার্থ নিয়ে নয় বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ছাত্রশিবিরকে সহাবস্থানের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে সংগঠনটি সারা দেশে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেয়।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম। দৈনিক আজাদীকে মুঠোফোনে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও বড় ধরনের কিছু ঘটেনি। মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি নেই উল্লেখ করে তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই মূলত ছাত্রশক্তির বিরোধ হয়েছে।

Feb2
Feb2