কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস মাহফিলে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি : নিহত ৪
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কুতুবদিয়া মালেক শাহ (র.) হুজুরের দরবার শরীফের ওরস মাহফিলে যাওয়ার পথে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনেকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলবদর খালে এবং বঙ্গোপসাগরের মোহনায় নৌকাডুবির পৃথক ঘটনা দুটি ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টায় কাথারিয়া ইউনিয়নের বাঘমারা গ্রাম থেকে শতাধিক ওরস যাত্রী নিয়ে একটি ফিশিংবোট যাত্রা শুরু করে। বাঁশখালী উপজেলার চুনতি বাজারের দক্ষিণে জলবদর খালে পৌঁছলে বোটটি উল্টে যায়।
বোটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মো. আক্কাস (২৮) নামে এক প্রবাসী। এ ঘটনায় অন্যান্য যাত্রীরা সাতার কেটে কুলে উঠতে পারলেও নিখোঁজ থাকে হালিয়া পাড়া কে জি স্কুলের তুতীয় শ্রেণির ছাত্র মো. মিনহাজ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার উল্টে যাওয়া বোটের আশেপাশে তল্লাশী চালিয়ে মিনহাজের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মো. বাবুল (৪০) ও আলী আকবর (১০) নামের দুজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে তাৎক্ষনিক বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে উপজেলার খানাখানাবাদের কদমরসুল এলাকা থেকে অপর একটি ফিশিং বোটেও শতাধিক ওরস যাত্রী নিয়ে কুতুবদিয়া দরবার শরীফের উদ্দ্যেশে যাত্রা শুরু করে। বোটটি বঙ্গোপসাগরের মোহনায় গিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইর কারণে ডুবে যায়। বোটটি ডুবে যাওয়ার সময় লাফিয়ে খালে পড়ে সাঁতার কেটে অনেক যাত্রী তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেন। আরো খবর : বাঁশখালী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলার উল্টে গেছে
নিহতরা হলেন, খানখানাবাদের রায়ছড়া গ্রামের আব্দুল মালেক (৫০) এবং কদম রসূল গ্রামের আব্দুল জলিল (৩২)। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, কক্সবাজারের কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস মাহফিলে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার পথে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
পৃথক দুটি নৌকা ডুবির ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া আহত আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা তদারকি করা হচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন