চবিতে গাছ ও পাহাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশপাশে বিভিন্ন পাহাড় থেকে নির্বিচারে গাছ ও পাহাড় কাটার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘কাটা হলে শত গাছ, ক্যাম্পাসের সর্বনাশ’, ‘বন উজাড় বন্ধ করো, চবিকে রক্ষা করো’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য দেন বন ও পরিবেশবিদ্যা বিভাগের রিটু রায়, নাট্যকলা বিভাগের মুশফিক উদ্দিন, দর্শন বিভাগের সোহেল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বহু বছর ধরে ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে গাছ কাটা হচ্ছে। গাছ নিয়ে যেতে পাহাড় কাটা হয়েছে। সর্বশেষ এক প্রকাশিত সংবাদ অনুযায়ী গত চার বছরে সাত হাজারের বেশি গাছ কাটা হয়েছে। এখনো গাছ কাটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই মহাযজ্ঞের অবসান করতে হবে। কারণ, এ পাহাড়-প্রকৃতির জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশব্যাপী পরিচিত।
বক্তারা আরও বলেন, গাছ কাটায় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। ক্ষোভ হলো চক্রের মূল হোতাদের প্রতি। বেশির ভাগ সময় কাটা গাছ নিয়ে যাওয়া হয় রাতের বেলা। এখন থেকে শিক্ষার্থীরা এসব গাড়ি আটকে দেবে। নয়তো এ ক্যাম্পাসকে বাঁচানো সম্ভব হবে না। এ ছাড়া একটি দেশে ২৫ শতাংশ বনায়ন থাকতে হয়। কিন্তু এ দেশে তা নেই। যেটুকু বন-পাহাড় রয়েছে, সেটুকুও ধ্বংস করা হচ্ছে।


আপনার মতামত লিখুন