মিরসরাইতে গাড়ি চাপায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষকের নাম মাওলানা আবুল হোসেন (৫৮)। তিনি মিরসরাই মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।
আবুল হোসেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ মাজেদা এলাকার মৃত রফিজউজ্জামানের ছেলে। নিহত এ শিক্ষকের প্রথম জানাজা বাদ যোহর মাজেদা হক স্কুল প্রাঙ্গণে এবং বাদ আসর শিক্ষকের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বললেন স্থানীয়রা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল সরকার শিক্ষক আবুল হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, শিক্ষক আবুল হোসেন সকালে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের উদ্দ্যেশে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাক্তিগত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন