চট্টগ্রামে ফেনসিডিল মামলায় দুইজনের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানায় ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল উদ্দিন ও হাবিন উল্লাহর ছেলে রফিক মিয়া। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৪ নভেম্বর নগরের পাহাড়তলী থানার সিটি গেট পুলিশ চেকপোস্টের দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ির চালকের পাশের আসনে থাকা জামাল উদ্দিনকে আটক করা হয়। চালক পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
এ ঘটনায় তৎকালীন এসআই আবু ছালেক পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচারিক কার্যক্রম শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।



আপনার মতামত লিখুন