মিরসরাইয়ে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত অভিযানে বারইয়ারহাট পৌরসভার অলংকার হোটেলের সামনে থেকে ৮০০ ফুট বালুসহ ৭ জন, সার চোরাচালান মামলায় ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের সাতটি মামলায় সাতজনকে এক থেকে ১০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন