রাউজানে নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন মাদকাসক্ত যুবক পারভেজ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকার যুবক মোহাম্মদ পারভেজ গত কয়েকবছর ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার জগতে এতটা বুঁদ থাকতেন যে পরিবারে স্ত্রী-পুত্রদের ভরণপোষণের খরচের খবরও দিতনা সে। শুধু তাই নয় বৃদ্ধ মা-বাবার সাথেও প্রতিনিয়ত দুর্ব্যবহার করতো পারভেজ। তার নেশায় আসক্ত হওয়ার প্রভাবে বিপাকে পড়েন পুরো পরিবার।
পরবর্তীতে এই ঘটনাটি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপির জ্যেষ্ঠ সন্তান, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীকে অবহিত করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লু রহমান মাসুদ। ঘটনাটি জানার পর এই ব্যাপারে কিছু একটা করার উদ্যোগ নেন ফারাজ করিম। তিনি মাদকাসক্ত সেই যুবককে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান ও তার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।
সাংসদ পুত্রের আহবানে সাড়া দিয়ে সেই যুবক স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এরই প্রেক্ষিতে গত ২ আগস্ট রবিবার ৭ নং রাউজান ইউনিয়নের মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরুর উপস্থিতিতে গাছের চারা রোপণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার যাত্রা শুরু করেন মাদকাসক্ত যুবক পারভেজ।
সাংসদপুত্রের আহবানে সাড়া দিয়ে একজন মাদকাসক্ত যুবকের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, রাউজানকে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম। তারই উদ্যোগে অনেক মাদকাসক্ত ব্যক্তি অন্ধকার ভুবন থেকে ফিরে পেয়েছেন আলোর পথের ঠিকানা।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন