হালদায় একদিনে সর্বোচ্চ সংখ্যক বালি উত্তোলনের নৌকা ধ্বংস
মো: পারভেজ, হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে একদিনে সর্বোচ্চ সংখ্যক ইঞ্জিন চালিত বালি উত্তোলনের নৌকা ধ্বংস করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাস্মাদ রুহুল আমিন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট হতে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পট চলা এই অভিযানে ঘেরা জাল জব্দ সহ জরিমানাও করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আইডিএফ এর কর্মকর্তারা সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে বালু উত্তোলনের সময় হালদা নদীর বিভিন্ন পয়েন্ট হতে হাতেনাতে মোট ১০ টা ইঞ্জিন চালিত বালু ভর্তি নৌকা আটক করা হয় । তাৎক্ষণিক ভাবে উক্ত নৌকাগুলো এমনভাবে অকেজো করা হয় যাতে তা পূনরায় আর বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়। এছাড়া এক বোট মালিক কে(মো জাফর,সাং- মেখল) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নৌকা ধ্বংস ছাড়াও উক্ত অভিযানে প্রায় ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদার মা মাছ এবং ডলফিন রক্ষায় দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন