হালদায় প্রশাসনের অভিযান, ২ টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এশিয়ার অন্যতম হালদা নদীতে কিছুদিনের মধ্যে ডিম ছাড়বে কার্প জাতীয় মা মাছ। এ সময়কে সামনে রেখে অপেক্ষার প্রহর গুণছে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা। সবধরনের প্রস্তুতি নেয়া সম্পূর্ণ। কিন্তু এখনও থেমে নেই হালদায় ইঞ্জিনচালিত নৌকার বিচরণ। প্রতিনিয়ত ইঞ্জিনচালিত ও বালুবাহী নৌকা যাতায়াত দেখা যায়। যার কারণে হুমকিতে পড়ছে হালদা।
হালদাকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করেন রাউজান ও হাটহাজারী উপজেলা প্রশাসন। রবিবার (২৩ মে) সকাল ৬ টা থেকে ১০ পর্যন্ত হালদার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা।
এসময় গড়দুয়ারা ও পেশকার হাট অংশে দুইটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পুলিশ, আনসার ও আইডিএফ’র কর্মকর্তারা।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা বলেন, হালদাকে রক্ষার জন্যে আমরা চেষ্টা করছি নিয়মিত অভিযান করার। এরপরও কিছু অসাধু ব্যক্তি থেমে নেই। তাদের জন্যে হালদার ব্যাপকক্ষতি হচ্ছে। অভিযানে দুইটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২৪ ঘণ্টা/নেজাম


আপনার মতামত লিখুন