খাগড়াছড়িকে ‘আধুনিক নগরী’ হিশেবে গড়ে তুলতে চান বর্তমান মেয়র রফিকুল
খাগড়াছড়ি প্রতিনিধি : অসমাপ্ত কাজ শেষ করে পরিবেশবান্ধব, যানজট মুক্ত এবংং পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে চান, খাগড়াছড়ি পৌরসভার দু’বারের মেয়র এবং এবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল আলম।
পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হলে সুপরিসর সড়ক-বাণিজ্যিক-আবাসন অবকাঠামো ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ি শহর ‘আধুনিক নগরী’-তে পরিণত হবার দ্বারপ্রান্তে। ১৬ জানুয়ারির নির্বাচনে যিনিই জিতে আসবেন, তাঁর পক্ষে পৌরসভা পরিচালনা অনেক সহজ হবে।
শুক্রবার সকালে পানখাইয়া পাড়ায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভা জরাজীর্ণ প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে উন্নয়নমুখী একটি প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জন করেছে। পরিকল্পিত আধুনিক শহর করতে মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন কাজ চলছে।
অন্য প্রার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পৌর কর আদায়ের হার নিম্নে ৭৫ ভাগের নিচে হলে পৌর পরিষদ বাতিল হয়। তাই বার্ষিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করেই কর নির্ধারণ করতে হয়। দেশী বিদেশী সকল প্রতিষ্ঠান প্রকল্প দেয়ার আগে পৌরসভার কর আদায়কে গুরুত্ব দেয়।
ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশংকা রয়েছে জানিয়ে প্রশাসনকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান তিনি।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হোসেন আহম্মদ চৌধুরী, এডভোকেট আকতার উদ্দিন মামুন, তাজুল ইসলাম বাদল এবং আবদুল মোমিন উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী


আপনার মতামত লিখুন