খুঁজুন
, ,

চট্টগ্রামের তরুণ বিজ্ঞানীর রোবট স্থান পেল জাতীয় জাদুঘরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 May, 2021, 11:41 pm
চট্টগ্রামের তরুণ বিজ্ঞানীর রোবট স্থান পেল জাতীয় জাদুঘরে

চট্টগ্রামের তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলের উদ্ভাবিত রোবট জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্ভাবনী প্রদর্শনী গ্যালারিতে স্থান পেয়েছে। যেটি অগ্নিনির্বাপণ ও করোনা ভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করতে সক্ষম।

আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ‘৪র্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’ শীর্ষক আলোচনা এবং “রোবট হস্তান্তর অনুষ্টান ও বিজ্ঞান সভায়” আনুষ্টানিকভাবে জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীর নিকট উদ্ভাবিত রোবটটি হস্তান্তর করা হয়। এসময় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ রোবটটি উদ্ভাবন ও তৈরী খরচ বাবদ সম্মানীর একটি চেক তুলে দেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক মেধাবী ছাত্র তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল জানান, ২০১৯ সালে সংঘটিত রাজধানীর চকবাজার চুড়িহাট্টা ট্রাজেডি, বানানী এফ. আর. টাওয়ার, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানাসহ বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের কারণগুলোকে চিহ্নিত করে সহজ ও দ্রুত উপায়ে অগ্নিনির্বাপণ এবং ফায়ারম্যানদের সুরক্ষা নিশ্চিত করতে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এই রোবটটি তৈরি করা হয়।

সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতেও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত ও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে থেকে কাজ করতে সক্ষম এই রোবট। এছাড়াও রোবটটি সরকারী-বেসরকারী অফিস, আদালত, ব্যাংক, হাসপাতাল অথবা করোনায় ঝুকিপূর্ণ এলাকায় গিয়ে Disinfection Spray করতে পারবে। আক্রান্ত ব্যাক্তির কাছে প্রয়োজনীয় ঔষধ ও খাবার সরবরাহ ছাড়াও আশ-পাশে পড়ে থাকা ব্যবহৃত মাস্ক সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলে দিতেও সক্ষম এ রোবটি।

জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ের কৃতি সন্তান তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলের উদ্ভাবিত এই রোবটটি বিগত ২০১৯ সালের ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত স্কিল কম্পিটিশনে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার, বিগত ২০১৯ সালের ১৯ জুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-এ চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় বারের মত জাতীয় পুরস্কার অর্জন করেন।

এছাড়াও বিগত ২০১৯ সালের ২৯ আগস্ট সেরা উদ্ভাবনের কারণে উদ্ভাবক তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক বঙ্গবন্ধু স্মারক সম্মাননা প্রদান করেন।
পরপর দুই বার জাতীয় পুরষ্কার অর্জন ও বঙ্গবন্ধু স্মারক সম্মাননা অর্জন করায় বিগত ২০২০ সালের ১২ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলসহ বাংলাদেশের ৮ জন ক্ষুদে ও তরুণ বিজ্ঞানীদের ৫ দিনের সরকারী শিক্ষা সফরে মালেশিয়া পাঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Feb2
Feb2

৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:47 am
৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে জেলার সাতটি উপজেলায় মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং পানিবন্দি হয়ে আছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারী বর্ষণের কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:37 am
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার।

আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলার স্বার্থে শুক্রবার (১০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে।

তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার যেকোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য (সরাসরি কিংবা ধারণকৃত) টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সরকার প্রত্যাশা করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:28 am
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিনই তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শনিবার তিনি, ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চট্টগ্রামে যাবেন।

আতিকুর রহমান রুমন জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে পরিস্থিতি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি-ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।