রাউজানে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৪৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলদিয়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্টিত মতবিনিময় সভায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪৮৮টি গৃহ প্রদান কিষয়ে সাংবাদিকদের অবহিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান খান।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, সারাদেশের ন্যায় রাউজান উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৮৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার গৃহগুলো আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন। সেই লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত অর্থে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো বাচাই করেছি। গৃহগুলো অত্যন্ত টেকসইভাবে নির্মাণ করা হয়েছে। আশ্রয়ন প্রকল্প এলাকায় শিশু পার্ক, এবাদতখানা নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে আরো গৃহ নির্মাণ করা হবে।
২৪ ঘণ্টা/নেজাম



আপনার মতামত লিখুন