মিরসরাইয়ে গ্যারেজে অভিযান মোটরসাইকেল জব্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গ্যারেজ থেকে চারটি মোটরসাইকেল জব্দ করেছে মিরসরাই থানা পুলিশ। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় চোরাই সন্দেহে এসব যান জব্দ করা হয়।
আজ ১২ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুফিয়া রোড মুখে শাকিলের গ্যারেজে এই অভিযান পরিচালনা করা হয়।
মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ জানান, গোপন সংবাদে জানতে পারি শাকিলের গ্যারেজে বেশ কিছু চোরাই মোটরসাইকেল রাখা হয়েছে। সেগুলোর কাঠামো পরিবর্তন করে কম দামে বিক্রয় করার জন্য। এসময় তার মধ্যে একটি গাড়ির নম্বরও জানানো হয়। তথ্য যাচাই করে বিকেলে গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে সঠিক কাগজ পত্র না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জানা গেছে, সম্প্রতি মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি ব্যাপক হারে বেড়েছে। প্রতিরাতে কোন না কোন মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে। থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা।
গত এক সপ্তাহে শুধু মিরসরাই সদর থেকে ৫টি মোটরসাইকেল চুরি হয়ে যায়। তার মধ্যে একটি মিরসরাই থানা পুলিশ অন্য একটি ফেনী ডিবি পুলিশ উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়।
মিরসরাই থেকে গত ৬ মাসে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও কোন চোরকে এখন পর্যন্ত শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি মিরসরাই থানা পুলিশ। তবে এএসপি সার্কেল লাবিব আব্দুল্লাহ জানিয়েছেন, পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক কয়েক জনকে শানাক্ত করে তাদের গতিবিধি নজর রাখছে। উপযুক্ত তথ্য প্রমাণ পেলে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন