খুঁজুন
, ,

জনগণের মনের মাঠে ক্রমেই কোণঠাসা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 13 August, 2021, 4:11 pm
জনগণের মনের মাঠে ক্রমেই কোণঠাসা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, ‘জনগণের পাশে না দাঁড়িয়ে, তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করেই মাঠে থাকতে চায়। কিন্তু জনগণের মনের মাঠে তারা ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছে, সেদিকে তাদের নজর নেই।’

গণমাধ্যমে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুরে এ প্রতিবাদ জানান তিনি।

প্রতিবাদ জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা শ্রাবণের শেষপ্রান্তে এসে এখন নতুন করে আষাঢ়ের গল্প শুরু করেছেন। তাঁরা বলছেন, শেখ হাসিনার সরকার নাকি ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা। দেশের জনগণ ভালো করেই জানে যে, ওয়ান ইলেভেন বিএনপির কারণেই সৃষ্টি। আসলে বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনও নামেনি।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশবাসীর কাছে অজানা নয়, কারা বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে বিচারপতিদের বয়স বাড়িয়েছিল? কারা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে প্রহসনের নির্বাচন করতে চেয়েছিল? কারা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করে এ দেশের জনগণের ভোটাধিকারের সঙ্গে তামাশা করেছিল? মূলত বিএনপির অন্ধ ক্ষমতালিপ্সা আর অবাধ দুর্নীতির স্বর্গরাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে জনগণ অভূতপূর্ব গণরায় প্রদান করে। ফলে ভূমিধস বিজয়ের মাধ্যমে মহাজোট সরকার গঠন করেছিল। তাই বলব, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ছিল জনগণের সরকার, বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত সরকার।’

করোনা পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার শুরু থেকে জনগণের জীবনের পাশাপাশি জীবিকার সুরক্ষা, অর্থনীতির চাকা সচল রাখা, উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখা, খাদ্য নিরাপত্তা, করোনার নমুনা পরীক্ষা ও চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষাসামগ্রী সংগ্রহ, সম্মুখ যোদ্ধাদের প্রশিক্ষণ ও অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর বিএনপি শুরু থেকে যে সহজ কাজটি করছে, তা হলো চিরাচরিতভাবে সরকারের অন্ধ সমালোচনা। সরকারের একটি ভালো কাজও এ পর্যন্ত তাদের চোখে পড়েনি। এক্ষেত্রে যেন তাদের চোখে ছানি পড়েছে। হাজার হাজার সম্মুখ সারির যোদ্ধা জীবন বাজি রেখে কাজ করছেন, এমনকি মানবিকতার অনন্য নজির স্থাপন করতে গিয়ে মৃত্যুবরণ করছেন। অথচ বিএনপি তাঁদের প্রতি সহানুভূতি জানিয়ে একটি শব্দও উচ্চারণ করে নি। ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে তাদের স্নায়বিক সংবেদনশীলতা লোপ পেয়েছে। এটি কি বিএনপির স্বার্থান্ধতা এবং সংকীর্ণতার রাজনীতি নয়? জনগণের পাশে না দাঁড়িয়ে তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করেই মাঠে থাকতে চায়। কিন্তু জনগণের মনের মাঠে তারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে, সেদিকে তাদের নজর নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনার নামে ঢালাওভাবে মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি। তারা ভেবেছিল, ভ্যাকসিন সংগ্রহে সরকার ব্যর্থ হবে। তারা তাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে শেখ হাসিনার সরকারকে মূল্যায়ন করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অনন্য কূটনৈতিক দক্ষতা এবং মানবিক নেতৃত্বে সরকার এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিএনপির অপকৌশল আবারও ব্যর্থ হওয়ায় তারা গৃহকোণ থেকে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কাল্পনিক অভিযোগ তুলছে। নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ তোলা বিএনপির নিত্যনৈমিত্তিক কর্মসূচিতে পরিণত হয়েছে। আর তাদের এই ঢালাও মিথ্যাচার-ষড়যন্ত্রের বিপরীতে শেখ হাসিনার জনকল্যাণমূলক কর্মপরিকল্পনাই প্রতিবাদের মোক্ষম অস্ত্র। শেখ হাসিনার সরকার জনকল্যাণে করণীয় সবকিছু করতে বদ্ধপরিকর। জনগণের প্রতি কমিটমেন্ট পালনে শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ সবসময় সর্বাগ্রে ছিল, এখনও আছে, ভষ্যিতেও থাকবে। সময় এলে জনগণই সরকারের কর্মের মূল্যায়ণ করবে, ইনশাআল্লাহ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকারি নাকি করোনা ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সফল না কি ব্যর্থ, তা দেশের মানুষ দেখছে। কিন্তু আপনারা কী করছেন লিপসার্ভিস ছাড়া? দু-এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ টিকা নিচ্ছে, অথচ বিএনপি নেতারা তা দেখছেন না। তারা চেয়েছিল লাখ লাখ মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, তারপর তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। বিএনপি এখনও তাদের ষড়যন্ত্র এবং অপরাজনীতির জাল বিস্তারেই ব্যস্ত। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব আর এদেশে সফল হবে না।’

এন-কে

Feb2
Feb2

দাপ্তরিক যোগাযোগের নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2026, 5:05 pm
দাপ্তরিক যোগাযোগের নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে মহামান্য ও মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে মহামান্য ও মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন সব দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ পাঠানোর ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে যথাক্রমে মহামান্য ও মাননীয় কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2026, 4:59 pm
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 8 September, 2026, 9:11 am
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস

অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে পণ্য বিক্রি করে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস।

এর মধ্যে গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা, যা নিলাম রাজস্বে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির চিত্র তুলে ধরে। একই সঙ্গে এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্য সরানোর পাশাপাশি সরকারের রাজস্বও বাড়ছে।

কর্মকর্তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্য নিলামে বিক্রি করা হচ্ছে এবং নিলামের উপযোগী নয়-এমন পণ্য ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আয় হয়।

২০২২ সালে ৪২টি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে আয় হয় ১৩০ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে রাজস্ব আসে ৪১ কোটি ১৩ লাখ টাকা।

২০২৪ সালে ৫৫টি নিলামের মাধ্যমে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা আয় হয়। ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে আয় হয় ১২৭ কোটি ৬৭ লাখ টাকা।

চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি অনলাইন ও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা আয় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিলাম ব্যবস্থাপনা, পণ্যের তালিকা প্রস্তুত (ইনভেন্টরি) এবং নিলামকৃত পণ্য বুঝিয়ে দেওয়ার কাজে তার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে, যা এত স্বল্প সময়ে নিলাম থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি রেকর্ড।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য অনলাইন ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিলাম করা পণ্য বিক্রি থেকে রাজস্ব আয়ও বেড়েছে।’

তিনি আরও জানান, নিলামের উপযোগী নয়-এমন পণ্য সরিয়ে বন্দরের ইয়ার্ড খালি করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।