রাউজানে ২৯ ইটভাটার ২৮টিই অবৈধ, অভিযানে চিমনি ধ্বংসসহ জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ বিকাল
রাউজানে ২৯ ইটভাটার ২৮টিই অবৈধ, অভিযানে চিমনি ধ্বংসসহ জরিমানা

চট্টগ্রামের রাউজানে ২৯টি ইটভাটার মধ্যে ২৮টিরই বৈধতা নেই বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ভাটাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ভাই ভাই ব্রিকসে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল এলাকায় মোহাম্মদ আজমের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাহাতুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযানে এসআরবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে ইউএনও এস.এম. রাহাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিবেশ ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া পাহাড়ি এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভাই ভাই ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস জানান, রাউজানের ২৯টি ইটভাটার মধ্যে মাত্র একটির বৈধতা রয়েছে। বাকি ২৮টি অবৈধ। কয়েকটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করেছে। সেগুলোর বিষয়ে সরেজমিনে জরিপ চলছে। কাঠ পোড়ানোসহ পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

Feb2
Feb2