চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসবে অংশ নিবে ২৫টি বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৪:৫৮ বিকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসবে অংশ নিবে ২৫টি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজন করেছে দুইদিনব্যাপী ডিএনসি সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১। অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল আসআদ স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে বলা হয় , আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) এ প্রতিযোগিতার প্রথম পর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আগামী শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরে চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এ পর্বে থাকবে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন। বিচারক হিসেবে থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত বিতার্কিকরা।

প্রতিযোগিতায় প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, গেস্ট অব অনার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ টেলিভিশন-চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর- চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। সভাপতিত্ব করবেন আইন অনুষদের ডিন ও সিইউডিএস মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান।
বিতর্ক উৎসবে স্পন্সর হিসেবে থাকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

এন-কে

Feb2
Feb2