শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৫ বিকাল
শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় সিলেট সার্কিট হাউসে ওই বৈঠক শুরু হয়। এর আগে সিলেট সার্কিট হাউসে এসে বৈঠকে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।

শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

আলোচনায় অংশ নেওয়ার আগে কয়েকজন শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় তারা উপাচার্যের পদত্যাগ ও তাকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের উপর দায়ের করা মামলা প্রত্যাহার, আড়াই শতাধিক শিক্ষার্থীর বন্ধ থাকা মোবাইল অ্যাকাউন্ট চালু করা, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজল কুন্ডকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও তার জন্য ৯ম গ্রেডের চাকরি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন করবে।

শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।

এন-কে

Feb2
Feb2