তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি গতকাল সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ক্যাথ ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে নাম প্রস্তাব না করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। জোর করে ক্ষমতা দখল করেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিয়েছে। বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে।
দুপুরে নগরীর পাঠানটুলায় বেসরকারি হাসপাতাল ‘মাউন্ট এডোরা’য় হূদরোগীদের উন্নত চিকিৎসা দেয়ার লক্ষ্যে স্থাপিত ‘ক্যাথ ল্যাব’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক কারণে ভারতের ‘সেভেন সিস্টার’ খ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মাহবুবুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এন-কে


আপনার মতামত লিখুন