এমইএস কলেজছাত্র সানি হত্যা মামলায় ২ আসামি কারাগারে
বামে ইনসেটে কলেজ ছাত্র সানি,মাঝখানে লাশ এবং ডানে কারাগারে প্রেরিত হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী ওমর গনি এমইএস কলেজ ছাত্র জাকির হোসেন সানি (১৭) হত্যা মামলায় ২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে দুজন আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে প্রেরিত ২ আসামি হলেন, আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। দুজনই এমইএস কলেজ ছাত্র জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত ৫ ও ৭ নং আসামি।
তথ্য নিশ্চিত করেন আদালতে দায়িত্বে থাকা জিআরও মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, হত্যাকান্ডের পর দায়েরকৃত হত্যা মামলায় আনিসুর ও মামুন দুজনই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
দুজনের জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে এবং বিচারকের কাছে জামিনের আবেদন করেন। বিজ্ঞবিচারক তাদের জামিন না মঞ্জুর করে দুজনকে জেল হাজতে পাঠিয়ে দেন।
উল্লেখ্য : চলতি বছরের ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে সিনিয়র জুনিয়র তর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় চট্টগ্রাম ওমর গণি এম ই এস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র জাকির হোসেন সানি (১৭)।
এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা (মামলা নং-৩৬(৮)১৯ ধারাঃ-৩০২/৩৪ দঃবিঃ)দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ হত্যা মামলায়।


আপনার মতামত লিখুন