সীতাকুণ্ডে দাঊদ সম্রাট হত্যা, তিন বছর পর দুই আসামির গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাউদ সম্রাট হত্যায় জড়িত দুই জনকে প্রায় তিন বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। দাউদ সীতাকুণ্ডের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ছিলেন।
আজ ১৬ এপ্রিল, শনিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ এপ্রিল) সীতাকুণ্ডের ভুইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলো, মীরসরাই থানার বাতালিয়া গ্রামের মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও সীতাকুণ্ড থানার মধ্য মহাদেবপুর গ্রামের মো. নুরুল হুদা (২৫)। র্যাব বলছে, হত্যাকাণ্ডের পর থেকে এজাহারনামীয় মূল আসামি মো. মামুন ও মো. নুরুল হুদা পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সীতাকুণ্ডের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি দাঊদ সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ২০১৯ সালের ১ জানুয়ারি তার মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এন-কে



আপনার মতামত লিখুন