সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার ২৭ নভেম্বর ভোর ছয়টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশের ফরেস্ট গেইট এলাকায় এবং একইদিন সকাল আটটার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছে। এঘটনায় তার স্ত্রী নিলু আক্তার (৩৬) গুরতর আহত হয়েছে। নিহত জামাল পূর্ব বাকলিয়া এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, দ্রুতগামী একটি বাস স্বামী স্ত্রী আরোহিত একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে স্বামী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় আহত স্ত্রী নিলু আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় আলাউদ্দিন।
এদিকে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মো. ইমাম হোসেন জানিয়েছেন বুধবার ভোর ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ফরেস্ট গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক সিএনজি অটো রিকশা চালক গুরুতর আহত হয়েছে।
কাভার্ডভ্যানটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহত সিএনজি অটো রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।


আপনার মতামত লিখুন