বিএম ডিপো থেকে আরো একটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:৫৫ দুপুর
বিএম ডিপো থেকে আরো একটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে আরেকটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে হাড়গুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এর আগে ঘটনার ঠিক একমাস পর গত সোমবারও বিধ্বস্ত শেডের ভেতর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।

জানা যায়, আজ বুধবার সকালে বিএম ডিপোর বিধ্বস্ত সেড পরিস্কার করার সময় মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড়গুলো পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর সময় রাসায়নিক ভর্তি একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।

Feb2
Feb2