দীর্ঘ ২৫ বছর পালিয়ে ছিলেন স্বর্ণ ব্যবসায়ি আসলাম, অবশেষে ধরা
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে পথচারির টাকা ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ার পর আদালতে সাজা হলেও গ্রেফতার এড়াতে ২৫ বছর পালিয়ে ছিলেন স্বর্ণ ব্যবসায়ি মো. আসলাম (৫৩)।
দীর্ঘ তিন দশক ধরে আত্মগোপনে থাকলেও অবশেষে আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে কোতোয়ালি থানা পুলিশের হাতে ধরা পড়ে পলাতক এ আসামি।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার আসলাম নগরীর হাজারী লেইনে ছবিলা কলোনির মৃত আব্দুল আলীর ছেলে।
তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, ১৯৮৭ সালে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় ছিনতাই করতে গেলে জনতা আসলামকে আটক করে পুলিশে দেন। ছিনতাই মামলায় আদালত তার সাজা দেন। এক মাস পর সে জামিনে বের হলেও ওই মামলায় ১৯৯০ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফের তিন বছরের সাজা হয়।
সাজা হওয়ার ৯ বছর পলাতক থেকে আসলাম ১৯৯৯ সালে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে আসলামকে খালাস দেন। ২০০৩ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে রিভিউ আবেদন করলে হাইকোর্টের রায় বাতিল করে নিম্ন আদালতের সাজা বহাল রাখে আপিল বিভাগ।
আপিল বিভাগের রায়ের ১৬ বছর পর “সম্প্রতি চট্টগ্রাম মহানগর আদালত থেকে কোতোয়ালি থানায় আসলামকে গ্রেফতারের পরোয়ানা পৌঁছে। গ্রেফতারি পরোয়ানা মূলে সোমবার রাতে নগরীর হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, ১৯৯০ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাজা দেওয়ার পর ৯ বছর এবং ২০০৩ সালে হাইকোর্টের রায় বাতিল করে নিম্ন আদালতের সাজা বহাল রাখার পর ১৬ বছর মিলে সর্বমোট ২৫ বছর আত্মগোপনে ছিলেন পলাতক আসামি আসলাম।


আপনার মতামত লিখুন