সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিন নারীসহ ১১ জন আহত হয়েছে।
আজ (৩ আগষ্ট) বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার বহদ্দারপুল ও কুমিরা এলাকার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে নুনাছড়া ও বটতলের মধ্যবর্তী বহদ্দারপুল নামক স্থানের মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক কোরবান আলী ঘটনাস্থলে মারা যান। আহত হন গাড়ির পাঁচ যাত্রী।
সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার পরপর উত্তেজিত জনতা আধা ঘণ্টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।
তাদের অভিযোগ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের একটি টিম সিভিল পোশাকে অপর একটি সিএনজি করে তাদের ধাওয়া করে।
পেছনের সিএনজিতে পুলিশ আছে বুঝতে পেরে মহাসড়কে গাড়ি ঘোরাতে গিয়ে এই দুর্ঘটনা। পরবর্তীতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ^াস দিয়ে তাদেরকে শান্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, হাইওয়ে পুলিশ দেখে সিএনজি ঘুরিয়ে উল্টো পথে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
সিএনজিকে বাঁচাতে গিয়ে বাস আইল্যান্ডের উপর উঠে যায়। এই ঘটনায় জনগণ উত্তেজিত হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে আমরা গিয়ে তাদের সরিয়ে মহাসড়ক স্বাভাবিক করি।
অপর ঘটনায় সকাল ১০টার দিকে বড় কুমিরার মহাসড়কে দুটি ৮নং (লোকাল) বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান, দুটি ৮নং বাসের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বাস দুটি আটক আছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাসেদ জানান, দুটি দুর্ঘটনায় আহত ১২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন