প্রেমিকার বাবা-মাকে দায়ী করে স্টামফোর্ড ছাত্রের আত্মহত্যা
রাজধানীর ধোলাইখালের একটি বাসা থেকে এক স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সায়েম হাসান শান্ত’র (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি শাখার শিক্ষার্থী শান্ত বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শান্তর বাবা রিপন গণমাধ্যমকে বলেন, শান্তর সঙ্গে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৬ নভেম্বর মেয়েটি আমার বাড়িতে চলে আসে। এরপর তার বাবাসহ স্বজনরা নিতে এলেও মেয়েটি যায়নি। তখন মেয়েটিকে মারধর করে চলে যায় তারা।
এরপর মেয়েটির বাবা কোতোয়ালি থানায় অপহরণ মামলা করলে শান্তকে গ্রেফতার করে পুলিশ। কয়েক দিন জেল খাটার পর গত শুক্রবার ছাড়া পায় শান্ত।
এরইমধ্যে মেয়েকে বাড়িতে নিয়ে যায় তার মা-বাবা। শান্ত ছাড়া পাওয়ার পর এলাকায় অনেকেই তাকে এ নিয়ে অপমানজনক কথা বলত। এই ক্ষোভে সন্ধ্যায় নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
তিনি আরও বলেন, আত্মহত্যার আগে শান্ত ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার মৃত্যুর জন্য প্রেমিকার মা-বাবাকে দায়ী করেছে। আমি আমার একমাত্র ছেলের এমন মৃত্যুর বিচার চাই।


আপনার মতামত লিখুন