৩৭ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড
দীর্ঘ ৩৭ বছর পর ক্যারিবীয়দের মাঠে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সোমবার (২২ আগস্ট) দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া পাহাড়সম ৩০২ রানের টার্গেট ৫ উইকেট ও ১৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে কিউইরা। এর আগে ১৯৮৫ সালে ক্যারিবীয়দের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম দুই ম্যাচে দুদলই একটি করে জয় পাওয়ায় তৃতীয় এ ম্যাচটি রূপ নেয় ফাইনালে। যেখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ক্যারিবীয়দের ওপেনিং জুটি থেকে আসে ১৭৩ রান। এরপর মাত্র ১৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ফার্গুসনের কাছে আউট হওয়ার আগে নিজের শতক তুলে নেন কাইল মায়ার্স। ১২ চার আর তিন ছয়ে ১০৫ রান করে ফেরেন মায়ার্স।
বিপদে পড়া কিউইদের রক্ষা করে বড় সংগ্রহ এনে দেন নিকোলাস পুরান। যদিও নার্ভাস নাইনটিতে আউট হন পুরান। তবে ততক্ষণে বড় সংগ্রহ পেয়ে যায় ক্যারিবীয়রা। পুরানের ৫৫ বলে ৯১ এবং শেষ ৬ বলে জোসেপের অপরাজিত ২০ রানের কল্যাণে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ট। ১০ ওভারে ৫৩ রানে তিনি পান ৩ উইকেট। এছাড়াও স্যান্টনার পান দুই উইকেট।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই গত ম্যাচের সেরা ব্যাটসম্যান ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তবে গাপটিল (৫৭), কনওয়ে (৫৬), ল্যাথাম (৬৯) ও মিচেলের (৬৩) চার অর্ধশতকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। শেষ দিকে নিশামের ১১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ছিল চারটি ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট পান হোল্ডার ও ক্যারিয়া।
তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জয় পেয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৫০ রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচের জয়ে সিরিজ জিতল (২-১) নিউজিল্যান্ড।
এন-কে


আপনার মতামত লিখুন