আজ চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার পাচ্ছেন মনসুর মুসা
লজিং মাস্টার থেকে বাংলা একাডেমির মহাপরিচালক
শৈশব কেটেছে অভাব-অনটনে। বাবাকে হারানোর পর মায়ের সামর্থ্য ছিল না ছেলের পড়াশোনার খরচ জোগানোর। তাই হাইস্কুলে পড়ার সময় থেকেই শুরু করেন লজিং মাস্টারির কাজ। কখনো পায়ে হেঁটে, কখনো স্বল্প ভাড়ায় গাড়িতে চড়ে পৌঁছাতেন কলেজে। পড়াশোনা, টিউশনি আর সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সেই মানুষটিই আজ দেশের অন্যতম বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মনসুর মুসা। দায়িত্ব পালন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে। দীর্ঘ অধ্যাপনা, গবেষণা ও ভাষাবিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ তিনি পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার।
অধ্যাপক ড. মনসুর মুসার জন্ম ১৯৪৫ সালের ৩১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরের গোলাম রহমান মাস্টার বাড়ি (ফজু সারাং বাড়ি)তে। তাঁর বাবা আবদুস সামাদ এবং মা ছবিদা খাতুন। ছোটবেলায় বাবা ও ভাইকে হারানোর পর নানাবাড়ির মামাদের সহযোগিতায় জাহানপুর প্রাথমিক বিদ্যালয় এবং জাহানপুর আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউটে পড়াশোনা করেন তিনি।
পরিবারের একমাত্র সন্তান হওয়ায় তাঁর পড়াশোনার দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য ছিল না মায়ের। সংসারে ছিল অভাব-অনটন। তবে শিক্ষার প্রতি প্রবল আগ্রহ তাঁকে থামিয়ে রাখতে পারেনি। হাইস্কুলে পড়ার সময় থেকেই শুরু করেন লজিং মাস্টারির কাজ। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ভোরে পায়ে হেঁটে গহিরা কিংবা হাটহাজারী স্টেশনে গিয়ে সেখান থেকে স্বল্প ভাড়ায় গাড়িতে চড়ে কলেজে যেতেন। কলেজে পড়ার সময় মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তিও পান। সেই বৃত্তির অর্থের পাশাপাশি কলেজের শিক্ষকদের সহযোগিতায় তৎকালীন সিডিএ চেয়ারম্যানের ছেলেমেয়েদের পড়ানোর সুযোগ পান। পড়াশোনা ও টিউশনি শেষে বাড়ি ফিরতে প্রায়ই রাত হতো। আর সন্তানের অপেক্ষায় খাবার নিয়ে বসে থাকতেন তাঁর মা।
সংগ্রামী জীবনের সেই পথ পেরিয়ে মনসুর মুসা ১৯৬০ সালে জাহানপুর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৬২ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। একই কলেজ থেকে ১৯৬৫ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে একই বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায়ও দ্বিতীয় শ্রেণিতে প্রথম হন।
ব্রিটিশ কাউন্সিল স্কলার হিসেবে যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ‘শ্রীলঙ্কার সিংহলি ভাষা পরিকল্পনা’ বিষয়ে গবেষণা করে ১৯৭৮ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় ভাষাতত্ত্ব বিষয়ে অধ্যয়ন করেছেন তিনি।
১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন মনসুর মুসা। দায়িত্ব পালন করেছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও। দুই মেয়াদে ১৯৯৫-১৯৯৭ এবং ২০০২-২০০৫ সাল পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভাষাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রায় পাঁচ দশক ধরে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞানের অধ্যয়ন, অধ্যাপনা এবং গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান ও ভাষা-পরিকল্পনা তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র। ধ্বনিবিজ্ঞান, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, দ্বিভাষিকতা, উপভাষাতত্ত্ব, অনুবাদতত্ত্ব ও প্রায়োগিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়েও তাঁর উল্লেখযোগ্য কাজ রয়েছে। বাংলা ভাষার সমস্যা, ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভাষাবিজ্ঞান বিষয়ে তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ভাষা পরিকল্পনা ও অন্যান্য প্রবন্ধ’ (১৯৮৪), ‘বাংলা পরিভাষা: ইতিহাস ও সমস্যা’ (১৯৮৫), ‘ভাষা পরিকল্পনার সমাজভাষাতত্ত্ব’ (১৯৮৪), ‘ভাষাচিন্তা: প্রসঙ্গ ও পরিধি’ (১৯৯১), ‘বাংলাদেশের রাষ্ট্রভাষা’ (১৯৯৬), ‘বানান: বাংলা বর্ণমালা পরিচয় ও প্রতিবর্ণীকরণ’ (২০০৭), ‘প্রায়োগিক ভাষাতত্ত্বের রূপরেখা’ (২০১৬) এবং ‘পাণিনি, চমস্কি ও তারপর’ (২০১৭)।
বাংলা ভাষায় প্রায়োগিক ভাষাবিজ্ঞান বিষয়ে প্রথম পূর্ণাঙ্গ বই রচনার কৃতিত্বও তাঁর। ভাষার ব্যবহারিক প্রয়োগ, ভাষা-পরিকল্পনা, বাংলা বানান, পরিভাষা ও ভাষানীতির বিভিন্ন জটিল বিষয় তিনি গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন। বিদেশিদের বাংলা ভাষা শেখানোর জন্যও প্রণয়ন করেছেন ‘Elementary Structured Texts in Bengali’।
এ ছাড়া বাংলা ভাষা, বাংলা ধ্বনিমূল, বাঙালির বাংলা ভাষাচিন্তা, বিজ্ঞান পরিভাষাকোষ, জাতীয় গ্রন্থনীতি ও শিশু বিশ্বকোষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা ও প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ শহীদুল্লাহ্ ও মুহম্মদ এনামুল হককে নিয়ে জীবনীগ্রন্থও রচনা করেছেন।
ভাষাবিজ্ঞানে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে মাসিক ফটিকছড়ি পদক লাভ করেন মনসুর মুসা। দীর্ঘদিনের গবেষণা, অধ্যাপনা ও বাংলা ভাষার উন্নয়নে অবদানের ধারাবাহিকতায় এবার তাঁর অর্জনের ঝুলিতে যুক্ত হচ্ছে চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার।
ব্যক্তিজীবনে মনসুর মুসার এক ছেলে রবি সামাদ মনসুর ও এক মেয়ে অন্তরা মনসুর। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
ফটিকছড়ির প্রত্যন্ত গ্রামের অভাব-অনটনের সংসার থেকে লজিং মাস্টারি করে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করা মনসুর মুসার জীবন আজ অধ্যবসায়, মেধা ও সাধনার এক অনন্য দৃষ্টান্ত। বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন থেকে শুরু করে ভাষাবিজ্ঞানে আন্তর্জাতিক পর্যায়ের গবেষণা—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের ভাষাচর্চার জগতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।



আপনার মতামত লিখুন