ভাইয়ের বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে ফৌজদারহাট-বন্দর রোডে সড়ক দূর্ঘটনায় দুই আ.লীগ নেতা নিহত
ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত দিয়ে সীতাকুণ্ডের নিজ বাড়িতে ফেরার পথে ফৌজদারহাট-বন্দর রোড এ লরী ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সীতাকুণ্ড উপজেলার দুই আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় সময় পাহাড়তলী থানাধীন সাগরিকাস্থ জহুর আহমদ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৫১) ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন (৪১)। আহতরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেন।
তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, নিহত কামাল তার ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত দিয়ে নিজের কার যোগে বাড়ী ফেরার পথে ফৌজদারহাট-বন্দর টোল রোড এলাকায় পণ্য পরিবহন সংস্থা এমএসএস ক্যারিয়ার সার্ভিসের লরি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চারজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কামাল ও নাছিরকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আজ সন্ধ্যায় সাগরিকা স্টেডিয়াম টোল রোড এলাকায় ১৬ চাকার একটি লরির চাপায় প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আওয়ামী লীগের নেতা রাজু ও ইউপি সদস্য ইসমাইল হোসেনকে চমেক হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে দুই আওয়ামীলীগ নেতার আকস্মিক মৃত্যুতে সীতাকুণ্ড জুড়ে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন