গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ৯:৩৩ সকাল
গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে হঠাৎ করে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় রামদা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এ এফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে চারটি রামদা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে একটি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করে বরাদ্দ বাতিল করা হবে।

Feb2
Feb2