ক্রেনের চাকায় পিষ্ট হয়ে বিএসআরএম শ্রমিকের মৃত্যু
মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম আতিকুল ইসলাম শাহরিয়ার (১৮)। সে ইছাখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড হাফিজ গ্রামের আমিন শরিফের ছেলে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় মিরসরাইয়ের সোনাপাহাড় বিএসআরএম কারখানার অভ্যন্তরে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানাযায়, নিহত শাহরিয়ার সীজ দা ইয়ার্ড নামে একটি কন্ট্রাটরের মাধ্যমে বিএসআরএম কারখানার অভ্যন্তরে ক্রেনের সহযোগী হিসেবে কাজ করে। বৃহস্পতিবার ভোরে একটি ড্রাম ট্রাক থেকে স্ক্রাপ নামানোর সময় ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার জানায় তার মৃত্যু হয়েছে। শাহরিয়ারের চাচা জয়নাল জানান, ভাই আমিন শরিফের এক ছেলে এক মেয়ে । বার বছর সন্তান বিহীন থাকার পর শাহরিয়ারের জন্ম হয়। এক মাত্র ছেলে সন্তানকে হারিয়ে শাহরিয়ারের পিতা আমিন শরিফে পাগল প্রায়।
জোরারগঞ্জ থানার এসআই ফারুক জানান, শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি অসতর্কতায় ক্রেনের ধাক্কায় এক তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আর্থিক ক্ষতিপূরণ সাপেক্ষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বিএসআরএম কারখানার মানব সম্পদ বিভাগের ব্যাবস্থানা পরিচালক দেলোয়ার হোসেন মোল্লা জানান নিহত বালক আমাদের কেউ না। অনেক দর্শনার্থী আমানের এখানে প্রবেশ করে। তবে পরবর্তীতে তার বক্তব্য পরিবর্তন করে বলেন সে তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের কাজ করতো। তবে তার বয়স আঠারো।
উল্লেখ্য যে প্রতিনিয়ত বিএসআরএম কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু কোন শ্রমিক মারা গেলে ওই শ্রমিক তাদের নয় বলে দায় এড়িয়ে যান কতৃপক্ষ। কারন হিসেবে জানা যায় বিএসআরএম কারখানায় শত শত শ্রমিক কাজ করলেও তাদের নিয়োগ দেয় না বিএসআরএম। কন্ট্রাটরের মাধ্যমে কাজ করায়। আর কোন শ্রমিক মারা গেলে দায় এড়িয়ে যায়।
২৪ঘণ্টা/বিআর


আপনার মতামত লিখুন