ভূমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ১২
ভূমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১২
চট্টগ্রামের রাউজানে ভূমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার ১০ নং পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়া সারাং এর বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছে।
আহতরা হলেন, এলাকার হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ রওশন (৩৭), মোহাম্মদ আনোয়ারের দুই পুত্র মো. তারেক (৪১), আরিফ (৩৫), নুরুল আবছারের ছেলে আলমগীর (৪০), আলমগীরের চাচাতো বোনের জামাতা ও রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার এজালাশ মিয়ার পুত্র মোহাম্মদ রাসেল (২৫), খোরশেদুল আলমের স্ত্রী কহিনুর আক্তার (৩৩), নুরুল হাকিমের স্ত্রী রুনা আক্তার (৩১)। তাদের বিপরীত পক্ষের মৃত আলী আকবরের ছেলে মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), জয়নাল আবেদীনের স্ত্রী কুনসুমা আকতার (৩৫) ও মেয়ে মায়া আকতার (১২), ফিরোজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩৬)।
উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে তারই সূত্র ধরে বাকবিতণ্ডায় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিরিচ, লাঠিসোটা দিয়ে একপক্ষের সঙ্গে অন্যপক্ষের সংঘর্ষের ঘটনায় ১২জন নারী-পুরুষ আহত হন। উভয়পক্ষের আহতরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, বহিরাগত কিছু সন্ত্রাসী জড়ো করে প্রতিপক্ষের লোকজন আমাকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, এই ঘটনায় আমরা রাউজান থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
বিপরীত পক্ষের মো. হাসান বলেন, তারা আমার ঘরের সামনে এসে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমাদের পরিবারের কয়েকজন আহত হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ বলেন, দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে।
রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন বলেন, মারামারি সংক্রান্ত কোনো বিষয়ে থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন