খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাইলে কূটনীতিকদের টাকার বিনিময়ে সড়কে নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ
চাইলে কূটনীতিকদের টাকার বিনিময়ে সড়কে নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি কূটনীতিকরা চাইলে টাকার বিনিময়ে চৌকস আনসার রেজিমেন্ট গার্ডের মাধ্যমে সড়কে চলাচলে নিরাপত্তা নিতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে এ কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘যখন দেশে জঙ্গির উত্থান হয়েছিল, আমাদের এখানে অগ্নি-সন্ত্রাসের একটা রাজত্ব হয়েছিল। তখন চারটি দূতাবাসকে রোড প্রোটেকশন দিতাম। এটা লিখিতভাবে দেওয়া হয়নি। তারাও আমাদের অনুরোধ করেনি। আমরাই তাদের দিয়েছিলাম, যাতে তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। আমরা চারটি দূতাবাসের বাইরে কাউকে দেইনি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি সেই পরিস্থিতি এখন নেই। যেহেতু সেই পরিস্থিতি নেই। সেজস্য এ রোড প্রোটেকশনটা উঠিয়ে নিয়েছি। এরপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে তাহলে আমরা নতুন করে আনসার গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, তারাই সেই নিরাপত্তার দায়িত্বে থাকবে। এটা অন-পেমেন্ট (অর্থ দিয়ে) দিতে হবে। খরচটা দূতাবাসকে দিতে হবে। নিয়ম অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করবো। এ রকমই সিদ্ধান্ত হয়েছে।’

কোনো দূতাবাস এভাবে নিরাপত্তা নিতে আবেদন করেছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো মাত্র জানালাম, যার যার প্রয়োজন হবে জানাবে। সব দূতাবাসে নিরাপত্তার জন্য পুলিশের নিরাপত্তা রয়েছে। যে চার রাষ্ট্রদূতের কথা বললাম, তাদের গানম্যানও রয়েছে। সব ধরনের প্রোটেকশন রয়েছে। শুধু আমরা সড়কে যে নিরাপত্তা দিতাম, এটা শুধু প্রত্যাহার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে।’

‘তারা যদি রোড প্রোটেকশনটা চান, সেটার ব্যবস্থা আমরা করব’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রীদের নিরাপত্তা কমানোর কথাও বলা হচ্ছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘কমাবো না আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে গার্ড রেজিমেন্ট তৈরি করেছি, আমরা সবাইকে গার্ড রেজিমেন্টের সিকিউরিটিতে নিয়ে আসবো। আমরা পর্যায়ক্রমে মন্ত্রী ও ভিআইপিদের এ আনসার গার্ড রেজিমেন্ট দেবো।’

বান্দরবানে দুজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্মি বা বিজিবি এ বিষয়ে আপনাদের জানিয়ে দেবে। এটা আইএসপিআর থেকে জানিয়ে দেওয়া হবে।’

Feb2

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

সোমবার (২২ জুন) রাত ৩টার দিকে ৩১ বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে প্রণালি পাড়ি দেয়।

বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, বর্তমানে জাহাজটি জ্বালানি গ্রহণ (বাংকারিং) ও অন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। কাতার থেকে স্টিল কয়েল পরিবহন শেষে এটি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। এ সময় অঞ্চলজুড়ে সংঘাত তীব্র হয়ে ওঠায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

পরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করলেও প্রণালি বন্ধ থাকায় জাহাজটি সেখানে আটকা পড়ে। যুদ্ধবিরতির পর গত ৮ এপ্রিল পুনরায় যাত্রা শুরু করলেও দুই দিন পর ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এরপর ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান করে জাহাজটি।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা কমে আসা এবং কূটনৈতিক তৎপরতার ফলে জাহাজটি অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিতে সক্ষম হয়েছে।

বিএসসি জানিয়েছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারের সব নাবিক ও ক্রু বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। সোমবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলজেরিয়া। উল্টো ৩৬ মিনিটে মুসা আল-তামারির অ্যাসিস্ট থেকে নিযার আল-রাশদান গোল করে জর্ডানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়া কোচ। তার ফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজের কর্নার থেকে নাধির বেনবুয়ালি হেডে সমতা ফেরান।

গোল শোধ করার পর আরও আক্রমণ বাড়ায় আলজেরিয়া। শেষ পর্যন্ত ৮২ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন আমিন গুইরি। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া।

শেষ মুহূর্তে জর্ডান সমতায় ফেরার চেষ্টা করলেও আলজেরিয়ার রক্ষণভাগে আটকে যায় তাদের আক্রমণ। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ মাহরেজদের দল।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল আলজেরিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে নকআউট স্বপ্ন আরও কঠিন হয়ে গেল জর্ডানের।