খুঁজুন
মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে আগামীর পথ চলতে চাই : জায়েদা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ
গাজীপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে আগামীর পথ চলতে চাই : জায়েদা

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আজকের এ বিজয় আমি গাজীপুরবাসীকে উৎসর্গ করলাম। আমার সঙ্গে ছিল সাধারণ মানুষ এবং সাংবাদিকরা। আমি গাজীপুরবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। আমি গাজীপুরের সব শ্রেণিপেশার ও সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে আগামীর পথ চলতে চাই।

শুক্রবার ভোর ৪টার দিকে মহানগরের ছয়দানায় তার নিজ বাসায় সন্তানের মুখে বিজয়ের কথা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন এসব কথা বলেন।

জায়েদা বলেন, আমার এ নির্বাচনে অংশগ্রহণ ছিল মিথ্যা, ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ। আমি আমার গাজীপুরবাসীর নিকট ন্যায়বিচার পেয়েছি। আমার ছেলের বিরুদ্ধে যে অন্যায়, অবিচার ও অত্যাচার করা হয়েছে, গাজীপুরের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে।

তিনি বলেন, আমি এবং আমার ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে সিটি করপোরেশনের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। আমার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রতি অনুযায়ী গাজীপুরকে একটি আধুনিক, সবুজ ও সুন্দর একটি বাসযোগ্য নগরী গড়তে কাজ করব। এর জন্য আমি সবার সহযোগিতা চাই।

শহরের উন্নয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের পরামর্শ চাইবেন কি না, প্রশ্নে তিনি বলেন, ‘যদি দরকার পড়ে ওনাকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করবো। আমি একা তো কাজ করতে পারবো না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো।’

ছেলে জায়েদা খাতুন বলেছেন, ‘আমার ছেলে ভুল করেনি, তাকে যড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার ছেলে যে সত্য ছিল, এ জন্যই আমার নির্বাচনে আসা। এজন্যই প্রার্থী হয়েছি। সত্য প্রমাণ হয়েছে, গাজীপুরের মানুষ আমাকে বিজয়ী করেছে, এখানে গাজীপুরবাসীর জয় হয়েছে।’

এ সময় জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা মেয়র নির্বাচিত হয়েছে। শহরের যত কাজ আছে মার সঙ্গে থেকে করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশের বড় এ সিটি করপোরেশনের সব কাজ সমাধান করার চেষ্টা করব। অ্যাডভোকেট আজমত উল্লা খান আমাদের বড় ভাই। তাকেসহ সবার পরামর্শে যেসব প্রার্থীরা নির্বাচন করেছেন এবং স্থানীয় নেতাকর্মীদের সবাইকে নিয়ে গাজীপুরকে একটি নতুন সুন্দর আধুনিক শহর করার জন্য চেষ্টা করব।’

ভোট সুষ্ঠু হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন কমিশনার, সরকার এবং প্রশাসনের লোক, গণমাধ্যম কর্মী সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সহযোগিতায় নির্বাচন কমিশনার বলেছেন একটি সুষ্ঠু-সুন্দর ভোট দেবেন। সেটা আমরা তার কর্মের মাধ্যেমে পেয়েছি। সরকারও বলেছে সেখানে সহযোগিতা করবে। সবার সহযোগিতায় গাজীপুরে সুন্দর ভোট হয়েছে। সর্বশেষ ফলাফল আমরা সঠিকভাবে পেয়েছি। এজন্য আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। এ শহর সুন্দরভাবে গড়ার জন্য যেকোন কাজে সার্বিকভাবে সহযোগিতা চাই।’

Feb2

দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা, টাংগাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদনের পথ উন্মুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং শুরু হওয়ার পর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

এই কার্যক্রমের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “জ্বালানি লোডিং দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সব প্রস্তুতি শেষ হয়েছে, এখন আমরা উৎপাদনের পথে এগোচ্ছি।”

জ্বালানি লোডিং অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, আইএইএ প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান শৌকত আকবর বলেন, “ইউরেনিয়াম লোডিং প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমেই ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা চেইন রিঅ্যাকশনের সূচনা ঘটে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি।”

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানান, ইতোমধ্যে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়ে অপারেটিং লাইসেন্স পেয়েছেন। ধাপে ধাপে প্রকল্পের দায়িত্ব দেশীয় বিশেষজ্ঞদের হাতে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পে দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ হবে এবং ব্যয়বহুল আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরে মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত দশটার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের শিকার তিন ব্যক্তি হলেন, অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এই ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আজ রাত দশটার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুপুকে হত্যা করে। এ সময় মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকে পিটিয়ে হত্যা করেছে।

তিনি আরও জানান, আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছেলে ছিল। এজন্য তাকে বিয়েও দেওয়া হয়নি। তার এক বড় আত্মীয় তাকে স্বাস্থ্য বিভাগের চাকরিটি দিয়ে দিয়েছিল। যখন তার মাথা নষ্ট হতো সে অফিসেও যেতো না। আবার যখন ভালো থাকত, সুস্থ স্বাভাবিক মানুষের মতই আচরণ করত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। আমরা তাকে আটক করার জন্য মাঠে একাধিক টিম কাজ করছি।

এদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত পৌনে বারোটার দিকে তিনি জানান, মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। সেগুলো ময়না তদন্তের জন্য সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।