চাক্তাইয়ে পোল্ট্রি ও ফিশ ফিড প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ
চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও র্যাব-৭। এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য, মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়।
আজ ১৬ অক্টোবর সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে র্যাব ৭-এর দলের নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ ও সিনিয়র এএসপি মোঃ শরীফুল আলম।
তিনি জানান, মাছের খাবার ও পোল্ট্রি ফিডের সাথে এ সকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল। জব্দকৃত পণ্যগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স-এর মালিক আশু দাসকে ২ লাখ টাকা ও নূর এন্টারপ্রাইজ-এর মালিক মোঃ নূর আবছারকে ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ক্রোমিয়ামযুক্ত এ সকল মৎস্য ও পশুখাদ্য মাছ ও মুরগী হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন