খুঁজুন
, ,

হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 20 October, 2023, 8:41 am
হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অতীতের যেকোনও সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেছেন তিনি।

এছাড়া আমেরিকা এখনও সারা বিশ্বের জন্য একটি বাতিঘর বলেও মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট। শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। গুরুত্বপূর্ণ এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইসরায়েল এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন নিয়েও কথা বলেন।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হামাস ও ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এক কাতারে ফেলেন বাইডেন।

বিবিসি বলছে, ফিলিস্তিনি হামাস গ্রুপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের লক্ষ্য একই: তারা উভয়ই প্রতিবেশী গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়।’

বাইডেন দাবি করেন, ‘ইউক্রেনের প্রকৃত রাষ্ট্র হিসেবে টিকে থাকার যে অধিকার আছে সেটিই অস্বীকার করেছেন পুতিন।’

প্রেসিডেন্ট বাইডেন সরাসরি আমেরিকান জনগণকে সম্বোধন করে বলেন: ‘আমি জানি এই দ্বন্দ্ব-সংঘাতগুলো আমেরিকানদের জন্য অনেক দূরের ঘটনা বলে মনে করা হয়ে থাকে এবং এই প্রশ্ন জিজ্ঞাসা করা স্বাভাবিক, কেন এই সংঘাত আমেরিকানদের কাছে গুরুত্বপূর্ণ হবে?’

তার দাবি, ‘ইসরায়েল এবং ইউক্রেনের সফলতা নিশ্চিত করাটা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউক্রেনে দখলদারিত্বের জন্য পুতিনের ক্ষুধা বন্ধ করতে না পারি তবে তিনি নিজেকে আর ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ রাখবেন না।’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা, এখনও।’

তিনি হামাস ও পুতিনকে জিততে দেবেন না বলেও জানান বাইডেন। এছাড়া জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতি সমর্থন দেখানোর জন্য চলতি বছরের শুরুতে পোল্যান্ড হয়ে ইউক্রেনে গোপন সফরে গিয়েছিলেন বলেও জানান তিনি।

ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে জো বাইডেন বলেন, ‘ঝুঁকি হচ্ছে চলমান সংঘর্ষ এবং বিশৃঙ্খলা বিশ্বের অন্যান্য অংশে… বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যের জন্য ‘একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে’। তার দাবি, সেই ভবিষ্যৎ হবে ‘আরও স্থিতিশীল’ এবং ‘প্রতিবেশীদের সাথে আরও বেশি সংযুক্ত’।

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলছেন, ইসরায়েল এবং ইউক্রেনকে সাহায্য করতে অস্বীকার করাটা ‘কেবলই মূল্যহীন’। তার দাবি, ‘আমরা ইতিহাসের একটি পরিবর্তনের মুখোমুখি হয়েছি। এটি সেই মুহূর্তগুলোর মধ্যে একটি যেখানে আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী কয়েক দশকের ভবিষ্যতের রূপ দিতে চলেছে।’

প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া বা ইসলাম-বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম এবং ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমেরিকান।’

তিনি বলেন, ‘আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্বেষ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে। মুসলিম, ইহুদি বা যে কারও বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি।’

বাইডেনের ভাষায়, ‘বিশ্বের মহান জাতিগুলো ঠিক এটাই করে এবং আমরা একটি মহান জাতি।’

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।