উপকূলে আঘাত হেনে দুর্বল ‘মিধিলি’
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করে এখন দুর্বল হয়ে গেছে। মিধিলি এখন গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে।
আজ শুরকবার বিকেল চারটার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরের সাত নম্বর বিপৎ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেতও নামানো হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর বলেছিল, মিধিলি খুব বড় আকারের ঘূর্ণিঝড় হবে না। এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে বিকেল তিনটার দিকে ঘণ্টায় ১০২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়। এটিই ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন