দেশের স্বার্থে আমরা এক ও অভিন্ন : মোছলেম উদ্দিন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সিপিবি নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন মতবিনিময়কালে বলেছেন, সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। স্বাধীনতার বিরোধী চক্র এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই দেশ ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, খালি হাতে এসেছি, মনে করেছিলাম খালি হাতেই চলে যাবো। জীবন সায়াহ্নে এসে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে চট্টগ্রামের এ উপ-নির্বাচনে যার যার অবস্থান থেকে নৌকায় ভোট দিতে হবে।
এ দেশের জন্য যুদ্ধ করেছি, আমার জন্মস্থান এ এলাকায়। দেশ ও মানুষের জন্য রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। এরপরও সমতা বা নিরপেক্ষতার নামে আমাকে কারো কারো সাথে তুলনা করছে-এটা কাম্য ছিলো না। যা হোক, এ এলাকার সমস্যা নিরসনে নৌকায় ভোট দিন। এক বছরের মধ্যে কালুরঘাট সড়ক সেতু নির্মাণ কাজ দৃশ্যমাণ করতে যা যা করা দরকার তাই করবো।
উপজেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ বলেন, সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ তৈরিতে কাজ করার আহ্বান জানান মোছলেম উদ্দিনকে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সিপিবি’র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, কমরেড মোহাম্মদ আলী, ডা. অসীম কুমার চৌধুরী, শিক্ষক আমীর হোসেন, অনুপম বড়ুয়া পারু, মো. শাহাজাহান, মৃত্যুঞ্জয় দাশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়াম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন খোকন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন