বোয়ালখালীতে ফটোসেশনে ধুন্ধমার, ছাত্রলীগ নেতা আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ৭:৪৩ রাত
বোয়ালখালীতে ফটোসেশনে ধুন্ধমার, ছাত্রলীগ নেতা আহত

-আহত-ইয়াসিন

কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর ফটোসেশন করতে গিয়ে ধুন্ধমার খেয়েছে এক ছাত্র নেতা।

বুধবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে স্যার আশুতোষ সরকারি কলেজ ক্যাম্পাসের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে। আহত একাদশ ২য় বর্ষের ছাত্র মো. ইয়াছিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন বাবলু ও আমির হোসেন অভি জানায়, সকালে কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসের প্রবেশ পথে ফটো সেশন করতে যান। ফটোসেশনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগ নেতা শিমুল সর্দার ও মো. ইয়াছিনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে শিমুল সর্দার ও তন্ময় দে মিলে ইয়াছিনকে ধুন্ধমার দেয়। এতে গুরুতর আহত ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে চমেক হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

তবে এটি পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন কলেজ ছাত্রলীগ নেতা মো. রাশেদুল হাসান।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.হেলাল উদ্দিন ফারুকী বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মীদের মধ্যে মারামারি হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Feb2
Feb2