খুঁজুন
শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু : লাল তালিকায় চট্টগ্রামের ৭ এলাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
ডেঙ্গু : লাল তালিকায় চট্টগ্রামের ৭ এলাকা

ডেঙ্গু আক্রান্তের দিক থেকে চট্টগ্রাম নগরীর সাতটি এলাকাকে ‘লাল বা অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা সিভিল সার্জন। এ ছাড়া, আরও ১৬ এলাকাকে হলুদ, নীল ও সবুজ জোনে ভাগ করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) এ জরিপ প্রকাশ করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসে শনাক্ত হওয়া ৫১৫ জন ডেঙ্গুরোগীর তথ্য বিশ্লেষণ করে এ জরিপ তৈরি করা হয়েছে। তালিকায় নগরীর ২৩টি এলাকাকে লাল, হলুদ, নীল ও সবুজ জোনে ভাগ করা হয়।

লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো- কোতোয়ালী, বাকলিয়া, বায়েজিদ, বন্দর, পাহাড়তলী, খুলশী ও চকবাজার। হলুদ জোনের এলাকাগুলো হলো- পাঁচলাইশ, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও, ডবলমুরিং।

প্রকাশিত তালিকা অনুযায়ী, গত ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৫১৫ জন ডেঙ্গুরোগীর সর্বোচ্চ ১০৬ জন আক্রান্ত হয়েছেন কোতোয়ালী থানা এলাকায়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ জন বাকলিয়ায়, বায়েজিদ এলাকায় ৭৬ জন, বন্দরে ৩৩ জন, পাহাড়তলীতে ৩২ জন, খুলশীতে ২৩ জন এবং বন্দর এলাকায় ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বরে।

অন্যদিকে সেপ্টেম্বরে ‘হলুদ’ জোন হিসেবে চিহ্নিত পাঁচলাইশে আক্রান্ত হন ১৯ জন, হালিশহরে ১৮ জন, পতেঙ্গায় ১৫ জন, চান্দগাঁওয়ে ১১ জন এবং ডবলমুরিংয়ে আক্রান্ত হন ১০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে ১৮৬৭ জন। যার মধ্যে ১১৫৩ জন নগরীর এবং ৭১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডেঙ্গুতে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে ১০ নারী, চার পুরুষ এবং দুজন শিশু রয়েছে।

জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাওছ জানান, নগরীতে ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সংখ্যার ভিত্তিতে এসব এলাকাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সাতটি অতি ঝুঁকিপূর্ণ এবং পাঁচটি ঝুঁকিপূর্ণ এলাকা। এই তালিকা আমরা সিটি করপোরেশনকে দিয়েছি। তারা এর ভিত্তিতে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, ওষুধ ছিটানো এবং মানুষকে সচেতন করার কাজ করবে।

তিনি বলেন, আমরা গত মাসে যে এডিস মশার জরিপের কাজ করেছি, সেখানে দেখতে পেয়েছি যেখানে মশার উপস্থিতি বেশি সেখানে রোগীর সংখ্যাও মোটামুটি বেশি। এসব বিষয় স্বাস্থ্য বিভাগ এবং সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

Feb2

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে এই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ। বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক এরইমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন।

হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরিফ ওসমান হাদি সমর্থকরা নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরের দুই নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়েছে।

আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেইট থেকে মেডিকেল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শাসনামলে হত্যাকাণ্ডের শিকার ছাত্রশিবিরের চারজন নেতাকর্মী ইমরান খান রাজীব, আবিদ বিন ইসলাম, সাকিবুল ইসলাম এবং ফয়সাল আহমেদ শান্তকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, বিভিন্ন সময় সংগঠনের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হলেও ছাত্রশিবির তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়নি। শিবির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের ছাত্রসমাজের নৈতিকতা, আদর্শিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি আদর্শিক, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি অতীতের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের টিকে থাকা ও কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ সংগঠনের নেতাকর্মীদের সামনে প্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে দেশ, জাতি ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

র‍্যালিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালি, মহানগর দক্ষিণ শাখা শিবিরের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল।