খুঁজুন
, ,

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 July, 2026, 2:49 pm
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা, সংসদ সদস্য (সংরক্ষিত) এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

চন্দনাইশে নেতা-কর্মীদের ভিড়ে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 July, 2026, 3:39 pm
চন্দনাইশে নেতা-কর্মীদের ভিড়ে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতা-কর্মীর চাপে হুড়মুড় করে ভেঙে পড়েছে মূল মঞ্চ। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ হতাহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চের শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত মানুষকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনায় কান দেননি অতি-উৎসাহী নেতা-কর্মীরা।

এরই মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে এসে আসন গ্রহণ করলে, তার সঙ্গে আরও এক ঝাঁক নেতা-কর্মী একযোগে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত মানুষের এই বিপুল ভার সইতে না পেরে মুহূর্তের মধ্যেই মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে পড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থলে চরম হট্টগোল ও আতঙ্ক তৈরি হয়। মঞ্চ ভেঙে গেলেও কেউ নিচে পড়ে যাননি বা বড় কোনো আঘাত পাননি।

জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, ‘মঞ্চ ভেঙে গেছে বিষয়টি এমন না, মঞ্চের টেবিলগুলো আছে, সেগুলোর কয়েকটির পায়া বসে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে। পরে অর্থমন্ত্রী মহোদয় সেই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।’

ঘটনার সময় অর্থমন্ত্রীর ঠিক পাশেই মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ইদ্রিস মিয়া বলেন, ‘আমি নিজে মাইকে ঘোষণা দিয়েছিলাম যাতে মঞ্চে বেশি মানুষ না ওঠে। কিন্তু মানুষের অতি-উৎসাহ আর ভারের কারণেই শেষ পর্যন্ত মঞ্চটি ভেঙে গেল। আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ হতাহত হননি, এটাই স্বস্তির।’

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও মন্ত্রীর সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ শেষ করার বিষয়টি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 July, 2026, 3:06 pm
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০,০০০ মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। ত্রাণ বিতরণের এই ধারা এখনো অব্যাহত আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে, বন্যার পরে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, যেন যে কোনো সংক্রমণ বা রোগ দেখা দিলে দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণ করা যায়।

মন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত পুনর্বাসন কার্যক্রম শেষ না হয়, ততদিন সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যার্তদের সহায়তায় সরাসরি চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ায় দুর্গত এলাকা পরিদর্শনে ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 17 July, 2026, 12:04 pm
নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিন তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।