সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি
ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। এসময় গাড়িতে শাবানা আজমির স্বামী বিখ্যাত গীতিকার ও সংগীত পরিচালক জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদের চোট গুরুতর নয় বলে জানা গেছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার সামনে শাবানা আজমির গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক।
আহত অবস্থায় মুম্বাইয়ের মহাত্মা গান্ধী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে। ওই হাসপাতালে চিকিৎসা চলছে প্রখ্যাত এই অভিনেত্রীর। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থল রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানান, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল তাও তদন্ত করা হচ্ছে।
পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন এ অভিনেত্রী; পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও।



আপনার মতামত লিখুন