প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ দুপুর
প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

দলের অভিজ্ঞ পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে মোস্তাফিজকে নিয়েছে রেনেগেডস।

৩১ বছর বয়সী মোস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৩৩১ ম্যাচে ৪২৩ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও বিগ ব্যাশে এবারই প্রথম সুযোগ পেলেন এই পেসার।

তবে টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাচ্ছে না রেনেগেডস। আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে মাঠে নামবে রেনেগেডস।

ক্লাবের বিবৃতিতে মোস্তাফিজ জানিয়েছেন, প্রথমবার বিগ ব্যাশে খেলতে এবং এমসিজিতে মাঠে নামতে তিনি রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সহায়তা করতে চান তিনি।

মোস্তাফিজকে পেয়ে সন্তুষ্ট দলের নতুন কোচ লুক রনকি। তার মতে, পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার দক্ষতা রেনেগেডসের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।

Feb2
Feb2