শ্রমিক অসন্তোষ
ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি
তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বুধবার (৪ নভেম্বর) নতুন গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। চেয়ারম্যান বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথমে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবারের আগে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করা হয়। পরে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন ও বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে।



আপনার মতামত লিখুন