খুলনা-মোংলা মহাসড়কে পথসভায়
সীমান্তের ওপার থেকে ক্ষমতাচ্যুতরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবিকে সামনে রেখে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে।
খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন শিল্পকারখানা স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে। খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
দীর্ঘদিন অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শিল্পকারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুরের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, প্রকৃত শ্রমিকেরা কখনো নিজেদের কর্মসংস্থানের উৎস ধ্বংস করতে পারেন না। শিল্পকারখানা দেশের পাশাপাশি শ্রমিকদেরও সম্পদ। এগুলো ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক, তাঁদের পরিবার ও সন্তানেরা।
দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।



আপনার মতামত লিখুন