সুন্দর সমাজ বিনির্মাণে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়

মন্তব্য করেছেন রাউজানে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:০০ রাত
সুন্দর সমাজ বিনির্মাণে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়

শিক্ষিত সমাজ বিনির্মাণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মরহুম আবুল কাশেম ফাউন্ডেশন প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাউজানে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তারা।

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্বজনীন শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অসচ্ছল নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডা. রাখাল দাশ গুপ্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক উজ্জ্বল দাশ গুপ্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কিউসি লজিস্টিক্স লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ হারুন অর রশীদ। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা এখলাছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষাবিদ বিকাশ চক্রবর্তী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি তপন তালুকদার ও সহসভাপতি শিক্ষক মানস দাশ গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মেধা ও মননের বিকাশে সমাজের সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য—এই চেতনাকে ধারণ করে একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের সুন্দর ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা গেলে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একটি সমৃদ্ধ ও সুন্দর উপজেলা গড়ে তুলতে কাজ করছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবিদার। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল কিবরিয়া খোকন, মিলন দাশ গুপ্ত, রতন দাশ গুপ্ত, দীপু চক্রবর্তী, নারায়ণ দাশ গুপ্ত, শিবু প্রসাদ দাশ গুপ্ত, অমল দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, অভিষেক দাশ গুপ্ত, সারোয়ার কামাল আজাদ, মো. শফি, মোহাম্মদ জাবেদ, সাগর দাশ গুপ্ত, রাজু দাশ গুপ্ত, অসীম দাশ গুপ্ত, ইমন দাশ গুপ্ত, প্রান্ত দাশ গুপ্ত, জিতু দাশ গুপ্ত ও অপূর্ব দাশ গুপ্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে অসচ্ছল নারী-পুরুষের মাঝে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

২৪ঘণ্টা/নেজাম উদ্দিন রানা/জেআই

Feb2
Feb2