আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, চট্টগ্রাম রেঞ্জের এসপির ফোন ফরেনসিকে
আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে তাঁর সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান জানান, জব্দ করা ফোন দুটি পুলিশের বিশেষ শাখায় (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোনে সংবেদনশীল তথ্য আদান-প্রদান কিংবা রাজনৈতিক যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ এবং বিভাগীয় গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে তলব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তথ্য ফাঁসের প্রাথমিক কিছু আলামত পাওয়ার কথা জানিয়ে তাঁর দুটি মুঠোফোন জব্দ করা হয়।
এদিকে এসপি জাহাঙ্গীর আলমকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করেছেন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি বলেন, প্রশাসনিক কিছু তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরে পদোন্নতি ও বদলির মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পান।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



আপনার মতামত লিখুন